মিনার মাহমুদের মৃত্যু বিষক্রিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মোহাম্মদ আলী খান ওরফে মিনার মাহমুদের মৃত্যু বিষক্রিয়ার কারণে হতে পারে। ময়নাতদন্তের পর গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ এ অভিমত দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতের হোটেল রিজেন্সির অষ্টম তলার একটি কক্ষ থেকে সাংবাদিক মিনার মাহমুদের লাশ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাজাহান কবির মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ডিএমসির ফরেনসিক বিভাগের সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, মিনার মাহমুদের হাতের নখে পাউডার-জাতীয় বস্তু এবং পাকস্থলীতে সাদা তরল পাওয়া গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। হোটেলের নিরাপত্তাকর্মী মো. হাসান বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ জানায়, মারা যাওয়ার আগে মিনার মাহমুদ পাঁচ পৃষ্ঠার একটি চিঠি লেখেন। স্ত্রী লুবনাকে লেখা এ চিঠি উদ্ধার করা হয়। ফরিদপুর অফিস জানায়, গতকাল বাদ জুমা ঢাকার উত্তরায় একটি মসজিদে মিনার মাহমুদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাজবাড়ী জেলায় তাঁর গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে মিনারের বাবা জিয়াউর রহমান ও চাচা মোস্তফা আলীসহ আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। রাত আটটার দিকে লাশবাহী গাড়িতে মরদেহ ফরিদপুর প্রেসক্লাব চত্বরে নেওয়া হয়। মরহুমের ভাই মশিউর রহমান জানান, আজ শনিবার সকাল নয়টায় ফরিদপুরের আলীপুর গোরস্থান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকায় এনে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।