মিনারা বেগম ছিলেন গৃহবধূ। এখন তিনি জনপ্রতিনিধি। পিরোজপুর পৌরসভার একবারের মনোনীত কমিশনার এবং তিনবারের নির্বাচিত কমিশনার ও কাউন্সিলর হওয়ার কৃতিত্ব আছে তাঁর।
এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন মিনারা বেগম। গতকাল রোববার তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেছে।
মিনারা বেগম পিরোজপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। ২০১১ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর পৌরসভার প্যানেল মেয়র-১-এর দায়িত্ব পালন করেন। জড়িত আছেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। ২০০৯ সালে মিনারার স্বামী মারা যান। তাঁর তিন মেয়ের দুজন স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন। ছোট মেয়ে এইচএসসি পরীক্ষা দেবে। মিনারা বেগম এইচএসসি পাস।
মিনারা বেগম বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁর দুই ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। এক ভাই গোলাম সরোয়ার যুদ্ধে শহীদ হন। সে সময় বাগেরহাটের কচুয়া উপজেলায় তাঁর বাবার বাড়িতে যাওয়া-আসা করতেন মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন। তখন তিনি মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করতেন। পরে বিয়ে হয় পিরোজপুর শহরের রাজারহাট মহল্লার হোমিও চিকিৎসক মাহাবুবুর রহমানের সঙ্গে। ১৯৮৯ সালে তাঁকে সংরক্ষিত আসনে মহিলা কমিশনার মনোনীত করা হয়। ১৯৯৯ সালে তিনি সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জয়ী হন। ২০০৪ ও ২০১১ সালে ওই ওয়ার্ডে তিনি ভোটে আবারও নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।
মিনারা বেগম বলেন, ‘টানা ২৬ বছর পৌরবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম করেছে।’
জানতে চাইলে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পিরোজপুর জেলার সম্পাদক মইনুল আহসান বলেন, মিনারা বেগম অপরাজিতা নারী। যেকোনো সামাজিক কর্মকাণ্ডে ও পৌরবাসীর নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ। এরপর মিনারা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।