মিনারের গানে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে দর্শকদের মুগ্ধতার স্রোতে ভাসালেন মিনার l ছবি: সংগৃহীত
এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে দর্শকদের মুগ্ধতার স্রোতে ভাসালেন মিনার l ছবি: সংগৃহীত

‘আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে/ সে ছিল দূরে দূরে তাকিয়ে/ আহারে আহারে কোথায় পাব তাহারে...’ মঞ্চ থেকে ভেসে আসছে এই গানের সুর। গাইছিলেন সংগীতশিল্পী মিনার রহমান। মিনারের সঙ্গে গলা মেলাচ্ছিলেন উপস্থিত দর্শকেরাও।
৫ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে দর্শকদের মুগ্ধতার স্রোতে ভাসালেন মিনার। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগং কসমোপলিটনের আয়োজনে দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলার শেষ দিনে এই সংগীত আসরের আয়োজন করা হয়।
অনুশীলন মাঠের মঞ্চে মেলার সমাপনী দিনের আনুষ্ঠানিকতা চলেছে শুরুতে। এর পরপরই ছিল সাংস্কৃতিক আয়োজন। এই আয়োজন শুরু হয় নাচের দল ‘ও টু স্ট্রিট ড্যান্স ক্রু’–এর পরিবেশনার মধ্য দিয়ে। চারটি ইংরেজি গানের সঙ্গে নাচ পরিবেশন করেন এই দলের শিল্পীরা।
এরপর মঞ্চে আসেন মিনার রহমান। শুরুতেই পরিবেশন করেন ‘সাদা’ শিরোনামের তাঁর জনপ্রিয় গানটি। এরপর একে একে মিনার পরিবেশন করেন ‘তুমি কোথায় আছ, আমি কোথায় আছি’, ‘আরও একটু দূরে’। মিনারের গানের সুরে হেমন্তের সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে তারুণ্য। গানের ফাঁকে কথামালা নিয়ে মঞ্চে ওঠেন জেসিআই চিটাগং কসমোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ, সভাপতি জসীম আহমেদ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। কথামালা শেষে আবারও দর্শনার্থীদের মাতান মিনার।
এ পর্বে তিনি পরিবেশন করেন ‘ঝুম’, ‘দেয়ালে দেয়ালে’। সবশেষে ‘আহারে, আহারে’ গানের পরিবেশনার মাধ্যমে শেষ হয় সংগীতসন্ধ্যা। দলবেঁধে আয়োজন উপভোগ করতে এসেছিলেন তিন বন্ধু হাবিবুর রহমান, জয়নাব আল গাজ্জালী ও জান্নাতুল নাঈমা। তাঁরা বলেন, ‘মিনার চট্টগ্রামের ছেলে। কিন্তু সরাসরি কখনো তাঁর গান শোনার সুযোগ আমাদের হয়নি। আজ সুযোগ পেয়েই চলে এলাম শুনতে।’ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আঁখি মজুমদার।