মিনারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত মেধাবী শিক্ষার্থী মিনার উদ্দিনের (২৬) চিকিৎসার ব্যয় ব্যক্তিগত তহবিল থেকে নির্বাহের আশ্বাস দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মিনার উদ্দিনকে দেখতে যান। পরে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মিনার উদ্দিনের চিকিৎ​সার ব্যয় বহনের আশ্বাসের কথা জানানো হয়।

১২ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনে ঈদের ছুটিতে নিজ বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন মিনার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ সেপ্টেম্বর মিনারকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুর্ঘটনার শিকার মিনারের ডান হাত কেটে ফেলা হয়েছে। দুর্ঘটনায় তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে যায়। ইতিমধ্যেই তৈরি হচ্ছে নানা ধরনের শারীরিক জটিলতা। মিনার ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষাও শেষ করেন।
স্কুলে পড়া অবস্থায়ই ছাত্র পড়িয়ে নিজের ও পরিবারের খরচ চালাতেন মিনার উদ্দিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুটিতেই জিপিএ-৫ পেয়েছেন। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। সেখানেও ভালো ফল। এরপর ৩৬তম বিসিএসে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় পাস করে লিখিত পরীক্ষাও দিয়েছেন। বাকি শুধু মৌখিক পরীক্ষা।
আজ প্রথম আলোয় ‘মিনারের স্বপ্ন কি হারিয়ে যাবে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সোমবার প্রথম আলোর অনলাইনেও তাঁকে নিয়ে প্রতিবেদন করা হয়।

আরও পড়ুন: