মিনারের স্বপ্ন কি হারিয়ে যাবে?

মিনার উদ্দিন (২৬)। স্কুলে পড়া অবস্থায় ছাত্র পড়িয়ে নিজের ও পরিবারের খরচ চালাতেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। সেখানেও ভালো ফলাফল। ৩৬তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষাও শেষ হয়েছে তাঁর। এর মধ্যেই মিনারের জীবনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
ঈদের ছুটিতে চট্টগ্রামে গ্রামের বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনার এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ইতিমধ্যেই তাঁর ডান হাত কেটে ফেলতে হয়েছে। তৈরি হচ্ছে নানা শারীরিক জটিলতা। তবে এত যন্ত্রণার মধ্যেও তাঁর সাহসী উচ্চারণ, ‘আমি বাঁচতে চাই। আমার স্বপ্নগুলো যেন শেষ না হয়ে যায়। আমি বিসিএসের ভাইভা দিতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকেন।’
গতকাল সোমবার বার্ন ইউনিটে গিয়ে মিনারের সঙ্গে কথা হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনে মিনারদের বাড়ি। তিন ভাই এক বোন। মিনার দ্বিতীয়। বাবা পেশায় চালক ছিলেন। মিনারের স্কুলে পড়া অবস্থায় তিনি ক্যানসারে আক্রান্ত হন। এরপর মিনার ছাত্র পড়িয়ে রোজগার করে বাবার চিকিৎসা করাতে থাকেন। ২০০৭ সালে চট্টগ্রাম কমার্স কলেজে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়া অবস্থায় বাবা মারা যান।
হাসপাতালে মিনারের বন্ধু রেজাউল করিম জানালেন, ‘ওর বড় ভাইটা অসুস্থ। ছোট দুই ভাইবোনকে পড়ানো, মায়ের খরচ সবই ও করত। ঈদের আগের দিন ও বাড়িতে আসে। ১২ সেপ্টেম্বর রাতে কয়েকজন ছাত্রকে নিয়ে বাড়ির পাশের ভরাপুকুর বাজারের পাশে নতুন হওয়া একটি দোতলা ভবনে দাঁড়িয়ে কথা বলছিল। ওই ভবনের সঙ্গে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। তাতেই মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় ও।’
মিনারের চিকিৎসার দায়িত্বে থাকা বার্ন ইউনিটের আইসিইউর কনসালট্যান্ট মৌমিতা তালুকদার প্রথম আলোকে বলেন, সাধারণ আগুনের চেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোড়া রোগীদের অবস্থা খুব বেশি সংকটাপন্ন হয়। ওর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এটি অনেক বেশি। ইতিমধ্যেই ওর একটি হাত কেটে ফেলতে হয়েছে। এ ধরনের রোগীদের দীর্ঘ সময় চিকিৎসা দরকার। ওকে ধৈর্য ধরতে হবে। বন্ধুবান্ধব এবং স্বজনদের উচিত ওর পাশে থাকা।’