মিনায় নিহত ফিরোজার লাশের খোঁজ নেই, দাবি পরিবারের
পবিত্র হজ পালনকালে গত বৃহস্পতিবার সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশের জামালপুরের ফিরোজা খানমের (৬০) লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার দাবি করেছে।
ফিরোজার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সাকুরা হজ এজেন্সির মাধ্যমে ২১ সেপ্টেম্বর জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা ফিরোজা খানম, তাঁর বড় ছেলে মোজাহারুল ইসলাম ও তাঁর ভাগনে শফিউল ইসলাম সৌদি আরবে হজ করতে যান। গত বৃহস্পতিবার মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের জন্য যাওয়ার পথে পদদলিত হয়ে ফিরোজা গুরুতর আহত হন। সৌদির একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর ছেলে ও ভাগনে গুরুতর আহত হন।
নিহতের ছোট ছেলে খন্দকার ফরিদুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘মাকে গুরুতর আহত অবস্থায় আমার বড় ভাই ও ফুপাতো ভাই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখানেই সৌদি পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়। কিন্তু এর পর থেকে লাশটি আর খোঁজে পাওয়া যাচ্ছে না। হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। দুই ভাই সব জায়গায় এখন খোঁজাখুঁজি করছেন। কিন্তু কোথাও মায়ের লাশের সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে বড় ভাই মোজাহারুলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছে। লাশ খোঁজে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নিহতের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, সৌদি আরবের নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে লাশ দাফন করার কথা ছিল। কিন্তু গত শুক্রবার থেকে লাশটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের অভিযোগ, হজ এজেন্সির লোকজন এখন পলাতক রয়েছেন। তাঁরা কোনো হাজির সঙ্গে এখন আর যোগাযোগ করছেন না। ফলে লাশ দাফন নিয়ে পরিবারের লোকজন শঙ্কায় রয়েছেন বলে তাঁরা জানান।