মিনায় পথ হারানো হাজিদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনায় হজ পালন করতে আসা হাজিদের সেবা দেন তাঁরা। ছবি: ফেরদৌস ফয়সাল
মিনায় হজ পালন করতে আসা হাজিদের সেবা দেন তাঁরা। ছবি: ফেরদৌস ফয়সাল

স্বেচ্ছায় চাঁদা দিয়ে হাজিদের সেবা করছেন তাঁরা। এভাবে প্রবাস জীবনে ঈদের খুশি ভাগাভাগি করে নিচ্ছেন। মিনায় হজ পালন করতে আসা হাজিদের সেবা দেন সৌদি আরবে ভারত ও পাকিস্তান থেকে আসা এসব পেশাজীবী। মিনায় হাজিদের পাঁচ দিন সেবা দিচ্ছেন তাঁরা।
ভারতের রয়েছে আইএফএফ ইন্ডিয়া ফেটারনিটি ফোরাম, রিসালা স্টাডি সার্কেল, জেদ্দা ওয়েলফেয়ার ফোরাম। পাকিস্তান হজ ফোরাম মূলত পথ হারানো হাজিদের পথ দেখায়। তাদের সংখ্যা তিন হাজার। এসব ফোরামের সদস্যদের মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আজিজুল শেখ, সিরাজুল ইসলাম, বর্ধমান জেলার শহীদুলের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। জেদ্দার স্বর্ণ কারখানায় তাঁরা চাকরি করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে কর্মস্থলে ছুটি। দেশে যখন যেতে পারছি না, তাই পাঁচ দিন হাজিদের সেবা করি । হজ শুরু হওয়ার এক মাস আগে আমরা নিজ উদ্যোগে জেদ্দা হজ কার্যালয়ে (সিজি অফিস) যোগাযোগ করি। সিজি অফিস আমাদের মিনার ম্যাপ এলাকা সম্পর্কে প্রশিক্ষণ দেয়। পরিচয়পত্র দেয়। আমরা নিজেরা ৩০০ রিয়াল করে জমাই। এই টাকায় আমরা মিনায় খাবার খাই। ২৪ ঘণ্টা পালাক্রমে হারানো হাজিদের পথ দেখিয়ে দিই।’
সিরাজুল বলেন, ‘সিজি অফিস ঘুমানোর একটা জায়গা দিয়েছে। পুরো মিনা এলাকা ছয় কিলোমিটার। ১০০-২০০ মিটার পর পর আমরা দাঁড়িয়ে থাকি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হাজিদের পথ দেখাই। সঙ্গে ভারী ব্যাগ থাকলে বয়ে দিয়ে সহযোগিতা করি। দেশে মা-বাবা আছেন। এসব হাজির সেবা করাকে পুণ্যের কাজ বলে মনে করি। হজের এই ছুটিতে আমাদের কোনো কাজ থাকে না। ছুটিতে থাকলে টিভি দেখে সময় নষ্ট করতাম। এর চেয়ে হাজিদের সেবা করছি—এটা আমাদের পরম পাওয়া।’
বাংলাদেশ থেকে আসা অনেক হাজির ভাষ্য, বাংলাদেশের ১০ থেকে ১২ লাখ লোক সৌদি আরবে কর্মরত। প্রবাসী বিভিন্ন ফোরাম এ ধরনের উদ্যোগ নিতে পারে। তাহলে মিনায় হারানো বাংলাদেশি হাজিদের দুর্ভোগ অনেকটাই কমবে।