মিনিকেট চাল ও আদার দামে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে মিনিকেট ছাড়া বাকি সব চালের দাম গত সপ্তাহের মতোই আছে। মিনিকেট চালের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে দুই টাকা। এ ছাড়া বেড়েছে আদার দাম। অন্যদিকে কোনো কোনো সবজির দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কয়েকটি বাজারে গিয়ে এ চিত্র পাওয়া যায়।
বিভিন্ন জাতের চালের দাম কয়েক সপ্তাহ ধরে বাড়লেও এ সপ্তাহে মিনিকেট ছাড়া অন্যগুলোর দাম স্থির রয়েছে। দাম না কমে স্থির থাকায় আবার মূল্যবৃদ্ধি হওয়ার শঙ্কায় আছেন ক্রেতারা। গতকাল রামপুরা ও কারওয়ান বাজার কাঁচাবাজারে দেখা যায়, প্রতি কেজি মোটা চাল (বিআর-৮, স্বর্ণা) ৩৩ থেকে ৩৬ টাকা, মাঝারি চাল ৩৬ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দাম ছিল। কিন্তু প্রতি কেজি মিনিকেটের দাম চলতি সপ্তাহে দুই টাকা বেড়ে হয়েছে ৫২ টাকায়।
কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, বাবুবাজার থেকে তাঁদের বেশি দামে চাল আনতে হচ্ছে। সে কারণে তাঁরা বেশি দামে বিক্রি করছেন। সরাসরি কুষ্টিয়া থেকে চাল আনা এক ব্যবসায়ী জানান, চালকলের মালিকেরা মিনিকেট বেশি দামে বিক্রি করছেন।
বাজারে শীতকালীন সবজির পাশাপাশি গ্রীষ্মকালীন সবজিরও সরবরাহ দাম নিয়ন্ত্রণে রেখেছে। প্রতি কেজি বেগুন মানভেদে ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ১৫ টাকা, আলু ১২ থেকে ১৫ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, চিচিঙ্গা ৪০, করলা ৬০, বরবটি ৬০ টাকা, গাজর ২০, শিম ২০ থেকে ২৫ টাকা, শসা ৩৫ ও ঢ্যাঁড়স ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নতুন আসা সজনে ডাটার কেজি ১০০ থেকে ১৩০ টাকা। টমেটো, ঝিঙে, চিচিঙ্গা ও ঢ্যাঁড়সের দাম গত সপ্তাহের তুলনায় বাজারভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে।
আলুর দাম রাজধানীর বাজারে ৮-১০ টাকা থেকে বেড়ে দুই সপ্তাহ ধরে ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও আলুচাষির মুখে হাসি ফিরছে না। কারণ, আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখনো প্রতি কেজি আলু চার-পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। যা উৎপাদন খরচের চেয়ে কম।
দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ২২ থেকে ২৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে আদার দাম হঠাৎ বেড়ে গেছে। গত সপ্তাহে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া চীনা আদা গতকাল ছিল ১৮০ টাকা।