মিনিবাস কেড়ে নিল প্রবীণ দম্পতির প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মাহিগঞ্জে আজ সোমবার দুপুরে মিনিবাসের চাপায় এক প্রবীণ দম্পতির মৃত্যু হয়েছে।

নিহত দুজন হলেন রংপুরের পীরগাছা উপজেলার কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবার রহমান (৬২) ও তাঁর স্ত্রী নাজমা খাতুন (৫২)। তাঁদের বাড়ি উপজেলার জোলাপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাহবুবার-নাজমা দম্পতি মোটরসাইকেলে করে রংপুর থেকে পীরগাছায় বাড়িতে ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে নগরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা হিমালয় পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিনিবাসটির গতি বেপরোয়া ছিল।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিনিবাসটি আটক করা হলেও চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।