মিনিবাসে ট্রেনের ধাক্কা, ৪ নারী পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসটি ট্রেনের সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সৌরভ দাশ
রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসটি ট্রেনের সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় আজ মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের চারজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসটি ট্রেনের সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টারসহ দুজনকে।
পরিচয় মিলেছে তিনজনের
নিহত পোশাকশ্রমিকদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ইয়াসমিন আক্তার, রিয়া আক্তার ও জুলি আক্তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। দুর্ঘটনায় গুরুতর আহত সুইটি নামে এক পোশাকশ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুনুর রশিদ হাজারী জানান, বেইজ টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ১৫-১৬ জন শ্রমিক একটি মিনিবাসে (চট্ট মেট্রো-চ-১১-১৯৪৬) করে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সোয়া আটটার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা দিয়ে মিনিবাসটি সংকেত অমান্য করে বিপজ্জনকভাবে রেলক্রসিং পার হচ্ছিল। রেলক্রসিংয়ে কোনো গেট নেই। এ সময় দোহাজারী থেকে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রেন ওই রেললাইন দিয়ে আসছিল। মিনিবাসটি ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অন্তত চারজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সৌরভ দাশ
নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সৌরভ দাশ


ঘটনার পর স্থানীয় লোকজন ও পোশাকশ্রমিকেরা ওই এলাকায় কিছুক্ষণ বিক্ষোভ করেন। মিনিবাসের চালক দিদারুল আলমকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।
তদন্ত কমিটি গঠন, বরখাস্ত ২
দুর্ঘটনার বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় স্টেশন মাস্টারসহ দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাঁরা হলেন জালানীহাট স্টেশনমাস্টার নেজাম উদ্দিন ও পরিবহন বিভাগের কর্মচারী টিটু দাশ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিহির কান্তি গুহ।