মিনিবাসের চাপায় এবার প্রাণ গেল কলেজছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারজানা জাহান
মারজানা জাহান

রাজধানীর কমলাপুরে গতকাল রোববার সকালে মিনিবাসের চাপায় প্রাণ হারিয়েছে মারজানা জাহান (১৭) নামের এক কলেজছাত্রী। সে সেন্ট্রাল উইমেন্স কলেজের এইচএসসির ছাত্রী ছিল।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজনের পিটুনিতে ওই মিনিবাসের চালক লিটন মিয়া গুরুতর আহত হয়েছেন। মারজানার মৃত্যুর ঘটনায় তাঁর ভাই এনি ইসলাম নোমান বাদী হয়ে মিনিবাসের চালক লিটনকে আসামি করে মুগদা থানায় দুর্ঘটনার মামলা করেছেন।
এ নিয়ে এক মাসেরও কম সময়ে কমলাপুর এলাকায় তিনজন রিকশারোহী মিনিবাস ও বাসের চাপায় প্রাণ হারালেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিশুসন্তানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরার পথে কমলাপুরে মিনিবাসের চাপায় নিহত হন গৃহবধূ রোকসানা বেগম। ১২ অক্টোবর ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে কমলাপুর যাওয়ার পথে স্টেশনের কাছেই বাসের চাপায় প্রাণ হারান গৃহবধূ সানজিদা আক্তার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মারজানা সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ মুগদাপাড়ার বাসা থেকে রিকশায় করে টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজে যাচ্ছিল। পথে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে সায়েদাবাদ-গাজীপুর পথে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি মিনিবাস রিকশাটিকে চাপা দেয়। এতে মারজানা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিনিবাসটি আটক করে চালক লিটনকে ধরে পিটুনি দেন। আহত লিটনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারজানার লাশ উদ্ধার করে।
মারজানার স্বজনেরা জানান, কাঠ ব্যবসায়ী এস্কান্দার মোল্লার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মারজানা দ্বিতীয়। পূজা ও ঈদের ছুটির পর গতকাল কলেজ খুলেছিল।
মারজানার স্বজনেরা আরও জানান, তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়ি নিয়ে দাফন করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মর্গে মারজানার ভাই নোমান সাংবাদিকদের কাছে আক্ষেপ করে বলেন, ‘মামলা করে কী হবে। আমরা কারও কাছে বিচার চাই না। কার কাছে বিচার চামু? তার চেয়ে লাশটা কাটাছিঁড়া না করত, তাইলে মনে শান্তি পাইতাম।’
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাঁরা মৌখিকভাবে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন। তবে কোনো লিখিত দেননি।
মুগদা থানার একজন উপপরিদর্শক (এসআই) বলেন, গণপিটুনিতে চালক গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর যদি কিছু হয়, তবে তার দায় পুলিশের ওপরই পড়বে। তাই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিহতের স্বজনদের মামলা করতে বলা হয়েছে।