মিনিবাসের চাপায় কলেজছাত্র নিহত
রাজধানীর নীলক্ষেত মোড়ে গতকাল সোমবার রাতে মিনিবাসের চাপায় মো. জাকারিয়া (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ঢাকা কলেজে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জাকারিয়া রাত নয়টার দিকে নীলক্ষেত মোড়ে আজিমপুরগামী সেফটি পরিবহনের একটি মিনিবাসে ওঠার সময় অসাবধানতাবশত সড়কে পড়ে যান। মিনিবাসটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই মিনিবাসসহ চালক মো. ইয়াছিন খানকে (২৮) আটক করা হয়েছে।খবর পেয়ে হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত জাকারিয়ার স্ত্রী জলি বেগম। তিনি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, জাকারিয়া পরিবারের সঙ্গে লালবাগের মৌচাক কলোনিতে থাকতেন। তিনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন। পাশাপাশি গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতেন।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।