মিনিবাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
রাজধানীর ফার্মগেটে গতকাল মঙ্গলবার দুপুরে মিনিবাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুজিবুল আরেফিন (১৯) মারা গেছেন। তিনি গ্রিন রোডের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে পড়তেন। পুলিশ চালকসহ ওই মিনিবাস আটক করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, নিহত মুজিবুল দুপুর দেড়টার দিকে আনন্দ সিনেমা হলের উত্তর পাশে ইউনাইটেড সার্ভিসের একটি চলন্ত মিনিবাসে ওঠার সময় পা ফসকে পড়ে যান। একপর্যায়ে তিনি ওই মিনিবাসের পেছনের চাকার নিচে চাপা পড়েন। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান। বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পকেটে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনার পর মিনিবাসচালক বশিরসহ মিনিবাসটি আটক করা হয়।সূত্র জানায়, মুজিবুলের গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামে। মুজিবুল তাঁর মামা ব্যাংক কর্মকর্তা আশিকুল ইসলামের সঙ্গে মোহাম্মদপুরের শেরশাহ শূরি রোডে একটি মেসে থাকতেন।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহাব জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।