মিনিবাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে মিনিবাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী মাকসুদ আহমেদ (২৩) নিহত হয়েছেন। গতকাল বুধবার মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে তিনি মোটরসাইকেল নিয়ে মোড় ঘোরার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাজী মাকসুদ মিরপুরের ১ নম্বর সেকশনে অবস্থিত প্রাইম বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হন মাকসুদ। সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে মোড় ঘোরার সময় সুপার লিঙ্ক পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মাকসুদ গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদকে মৃত ঘোষণা করেন।মাকসুদের বন্ধুরা বলেন, মাকসুদ মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ১৪ নম্বর সড়কের একটি মেসে থাকতেন। তাঁর বাবার নাম কাজী বাবুল আহমেদ।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, পথচারীদের সহায়তায় চালকসহ মিনিবাসটি আটক করেছে পুলিশ।দুজনের অস্বাভাবিক মৃত্যু: বেলা দেড়টার দিকে পুরান ঢাকার চকবাজারে বাদল মিয়ার বাড়ির তৃতীয় তলায় সিঁড়ি মোছার সময় পা ফসকে সিঁড়ির ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায় গৃহকর্মী নার্গিস আক্তার (১৫)। বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল পৌনে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিরাপত্তাকর্মী খালেকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়েছে।নার্গিসের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জংলিপাড়ায়।হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ট ব্লকের একটি বাড়ির তৃতীয় তলায় কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে যান নির্মাণশ্রমিক হারুন মিয়া (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।