মিনিবাসের ধাক্কায় দুজন নিহত, মহাসড়ক অবরোধ
রংপুরের তারাগঞ্জে মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।
নিহত ব্যক্তিরা হলেন তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের আফছার উদ্দিন (৬০) ও কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের একাব্বার উদ্দিন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফছার উদ্দিনের বোন উম্মে কুলসুমের মেয়ের সঙ্গে একাব্বার উদ্দিনের ছেলের বিয়ে হয়েছে। গতকাল দুপুরে একাব্বার উদ্দিন আফছার উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই বিয়াই বাড়ির পাশে বেলতলী বাজারে চা খেতে যান। সেখান থেকে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে বেলতলী নামক স্থানে রংপুর-দিনাজপুরগামী একটি মিনিবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় শত শত মানুষ বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে তারাগঞ্জ থানার ও তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু মহাসড়ক থেকে বিক্ষুব্ধ লোকজনকে সরাতে পারেনি। এ অবস্থায় সড়কের দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। রাত আটটা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজন মহাসড়কে অবস্থান করছিল। এতে মহাসড়কে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল বন্ধ রয়েছে।