মিনিবাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানা এলাকার নীলক্ষেতে আজ শনিবার মিনিবাসের ধাক্কায় সাজ্জাদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত সাজ্জাদুলের বাবা শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের নিরাপত্তাকর্মী। তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকার শিববাড়িসংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকেন। আজ বেলা দুইটার দিকে সাজ্জাদুল বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। নীলক্ষেতে গাউসুল আযম মার্কেটের বিপরীত পাশের সড়কে পৌঁছালে আজিমপুরগামী যাত্রীবাহী ১৩ নম্বর মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সাজ্জাদুলের বাবা শফিকুল সাংবাদিকদের জানান, সাজ্জাদুল যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কম্পিউটার বিদ্যায় ডিপ্লোমা কোর্স করছিলেন। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল হক প্রথম আলো ডটকমকে বলেন, চালক ও মিনিবাসটি আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।