মিনিবাসের ধাক্কায় তিনজন নিহত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিনিবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন চালক নজরুল ইসলাম (৩৫), যাত্রী প্রদীপ কুমার মজুমদার (৪০) ও এম এম হোসেন উদ্দিন ওরফে সবুজ (৩৯)।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনের সড়কে গাজীপুরগামী বিআরটিসির একটি বাস হঠাৎ দাঁড়িয়ে যায়। এতে বাসটির পেছনে থাকা অটোরিকশাকেও থামতে হয়। ওই অটোরিকশার পেছনে থাকা আরেকটি অটোরিকশাটি ঠিকমতো থামতে না পারায় সামনের অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় শেষ অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় সুপ্রভাত পরিবহনের একটি মিনিবাস। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন চালক ও দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত হোসেন চকলেট ও সুইংগামজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পারফেটি ভ্যান মেলে’র উৎপাদন ব্যবস্থাপক ও প্রদীপ ছিলেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পুলিশ হোসেন ও নজরুলের লাশ নিয়ে যায়। প্রদীপের লাশ তখনো একটি বেসরকারি হাসপাতালে ছিল। হোসেন ও নজরুলের স্বজনদের আহাজারিতে মর্গের পরিবেশ ভারি হয়ে ওঠে।
হোসেনের ভাই নাসির উদ্দিন ও নজরুলের ভাই জাবেদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন পরিবার নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে থাকতেন। তিনি দুই সন্তানের জনক। গ্রামের বাড়ি নড়াইল সদরে। বাবা নূরু মিয়া। নজরুল খিলগাঁওয়ের মেরাদিয়ায় থাকতেন। তিনিও দুই সন্তানের জনক। ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি।
প্রদীপ সপরিবারে উত্তরায় থাকতেন। তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পারফেটি ভ্যান মেলের কর্মকর্তা ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, গাজীপুরের শ্রীপুরে তাঁদের কারখানা। হোসেন ও প্রদীপ সাধারণত সেখানেই বসেন। কিন্তু গতকাল দাপ্তরিক কাজে তাঁরা গুলশান-১ নম্বরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে দুজনই অটোরিকশায় বাসায় ফিরছিলেন। উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর বিআরটিসির বাস ও সুপ্রভাত পরিবহনের মিনিবাস থানায় আনা হয়েছে।