বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ হারাল ৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে মিনিবাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন একই পরিবারের।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া ও তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চেংমারি গ্রামের রওশন আরা বেগম (৫১), রওশন আরার ছেলে শহিদুল ইসলাম (৩০), রওশন আরার মেয়ে জলঢাকা ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাহানাজ পারভিন (২০), রওশন আরার ছেলের স্ত্রী দুলালি বেগম (২২), রওশন আরার নাতি মহতাসিন হোসেন (৪) ও অটোরিকশার চালক সেকেন্দার হোসেন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত রওশন আরা বেগমের বড় ভাই সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে রোকসানা খাতুনের বিয়ে আগামীকাল শনিবার। ওই বিয়েতে অংশ নেওয়ার জন্য রওশন আরাসহ তাঁর পরিবারের আট সদস্য অটোরিকশা করে দুপুরে নিজ বাড়ি থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৫টার দিকে জিগারতলা স্থানে পৌঁছালে অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিয়ে মিনিবাসটি পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যান।

রাত ৯টার দিকে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতদের পরিবার তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে যান। নিহতদের পরিবারকে তারাগঞ্জ উপজেলা পরিষদের তহবিল থেকে ১০ হাজার, জেলা প্রশাসকের তহবিল থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়।