মিনিবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাছে বাসের ধাক্কায় কাজী আবদুল মজিদ (৬০) নামের এক রিকশারোহী বৃদ্ধ মারা গেছেন। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায় বেপরোয়া গতির একটি মিনিবাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশার যাত্রী বৃদ্ধ মজিদ ছিটকে রাস্তায় পড়ে আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, চালকসহ মিনিবাসটি আটক করা হয়েছে। এদিকে গতকাল বিকেলে ডেমরার কোনাপাড়ার কাঠের পুল এলাকায় মোজাম্মেল হক (১৮) নামের এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বাসের চালকের সহকারী ছিলেন। নিহত তরুণের বোন রোজিনা আক্তার বলেন, মোজাম্মেল মায়ের কাছে ৫০০ টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।