মিনু আবার কারাগারে

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে আজ মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে ৯ মার্চ পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় তিনি জামিনে মুক্তি পান।
রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও বোয়ালিয়া মডেল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমানকে আজ কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান মিনুর আইনজীবী মোজাম্মেল হক বলেন, বেলা একটার দিকে রাজশাহী মহানগর হাকিম-১ আদালতে হাজির হয়ে মিজানুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে ভুবনমোহন পার্ক থেকে দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। মিছিল থেকে ছোড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তত্কালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। তাদের হামলায় আহত হন পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান। এ ছাড়া মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাঙচুর চালায়। এসব ঘটনায় বোয়ালিয়া থানায় ১১৯ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত শেষে চলতি গত ৪ ফেব্রুয়ারি রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।