মিনু আবার কারাগারে
রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ৯ মার্চ পুলিশ হত্যা মামলায় কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পান।
মিজানুর রহমানের আইনজীবী মোজাম্মেল হক বলেন, গতকাল রাজশাহী মহানগর হাকিম-১ আদালতে হাজির হয়ে মিজানুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ভুবনমোহন পার্ক থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। বোয়ালিয়া থানার তৎকালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় করা মামলায় গত ৪ ফেব্রুয়ারি মিনু ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।