রাজশাহীতে বাসে পেট্রলবোমা হামলার একটি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং দলটির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫৫ নেতা-কর্মীর নাম রয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আশিকুর রহমান সম্প্রতি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এতে মিনু ও বুলবুলকে হুকুমের আসামি করা হয়েছে। অভিযোগপত্রে রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকের নামও রয়েছে। আদালত গত সোমবার অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
অভিযোগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তা আশিকুর রহমান। তিনি জানান, গত ২০ জানুয়ারি শিশির পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশি নিরাপত্তায় ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে বাসটি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল পার হওয়ার পর আর পুলিশি পাহারা ছিল না। পথে নগরের ভদ্রা রেশম ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় চালক গতি কমিয়ে দিলে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রলবোমা ছোড়ে। এতে একজন যাত্রী দগ্ধ হন। ঘটনার পরের দিন পুলিশ বাদী হয়ে ২৯ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে। এতে আরও ৬০-৭০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
এর আগে নাশকতাসহ পাঁচটি মামলার অভিযোগপত্রে মোসাদ্দেক হোসেনের নাম রয়েছে। গত ৭ মে তাঁকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়।