মিনু-বুলবুল আবার হুকুমের আসামি

রাজশাহীতে গভীর রাতে গাড়িবহরে হামলা ও পেট্রলবোমা মেরে একটি বাস ও একটি ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আবার হুকুমের আসামি করা হয়েছে। এই মামলায় তাঁদের সঙ্গে বিএনপি-জামায়াতের ৮৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকীকে প্রধান আসামি করা হয়েছে। তাঁর সঙ্গে ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাতনামা।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানার কাপাসিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারার মধ্যে ঢাকাগামী গাড়িবহরে পেট্রলবোমা হামলা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি নৈশকোচ ও একটি মাছবাহী ট্রাক পুড়ে যায়।
ওসি আলমগীর হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নির্দেশেই বিএনপি-জামায়াত ও তাঁদের সহযোগী সংগঠনের কর্মীরা ঢাকাগামী গাড়িবহরে পেট্রলবোমা হামলা চালিয়ে একটি যাত্রীবাহী বাস ও একটি মাছবাহী ট্রাক পুড়িয়ে দেন। এ জন্য তাঁদের হুকুমের আসামি করা হয়েছে। তিনি বলেন, শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতিকে নগরের কাদিরগঞ্জের হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, তাঁর নেতৃত্বেই বিভিন্ন জায়গায় একটি সংগঠন এসব হামলা চালাচ্ছে। এ কারণেই তাঁকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে নগরের কাদিরগঞ্জে ট্রাকের বহরে হামলার ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে এবং এর আগে গত ১৯ জানুয়ারি গভীর রাতে ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় মিনু ও বুলবুলকে একসঙ্গে হুকুমের আসামি করা হয়।
১৯ জানুয়ারি মামলার আসামি হওয়ার আগে থেকে মিজানুর রহমান মিনু ও মামলার পর থেকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পলাতক। তাঁদের গ্রেপ্তার করতে গত কয়েক দিনে তাঁদের বাড়িসহ বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়েছে।