রাজশাহীতে বোমা মেরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জনের নাম রয়েছে।
পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলার অভিযোগপত্রটি মহানগর হাকিম আদালতে গত রোববার সন্ধ্যায় দাখিল করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার তদন্ত শেষে এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত সেটি গতকাল সোমবার দুপুরে গ্রহণ করেন।
অভিযোগপত্রের ব্যাপারে মিজানুর রহমান মিনু গতকাল বলেন, সরকারের একটি গোপন চক্র পুলিশ সদস্য সিদ্ধার্থকে হত্যা করে। তার দায় বিএনপির নেতাদের ওপরে চাপানো হয়েছে, যাতে পুলিশ বিএনপির প্রতি মারমুখী হয় এবং দলটি রাজনীতির মাঠে না থাকতে পারে। তিনি দাবি করেন, ঘটনার দিন তিনি ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ বিভাগের কনস্টেবল সিদ্ধার্থের ওপরে গত ২৬ ডিসেম্বর হামলা হয়। ওই দিন রাজশাহীতে ১৮-দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে নগরের রাজারহাতা এলাকায় পুলিশের টহল ট্রাকে বোমা হামলা হলে সিদ্ধার্থসহ পুলিশের নয় সদস্য আহত হন। পরের দিন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২৭ ডিসেম্বর নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮-দলীয় জোটের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
আদালতে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে মামলার এজাহারনামীয় ৮৮ জনের সবারই নাম রয়েছে। এর মধ্যে পারভেজ ও কনক নামের দুজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। সেই সঙ্গে তদন্তে আরও একজনের নাম যুক্ত হয়েছে। তার নাম বাঁধন। তিনি বিএনপির কর্মী।
মিনু ও মোসাদ্দেক ছাড়াও অভিযোগপত্রে নাম থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন এবং মহানগর জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম।
বর্তমান মেয়র মোসাদ্দেকের ফোনটি বন্ধ থাকায় অভিযোগপত্রের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আর বিএনপির নেতা নাদিম মোস্তফা গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপি যাতে নির্বাচনের দাবিতে আন্দোলনে না নামতে পারে, সে জন্যই এভাবে একের পর এক মামলা দিয়ে চাপে রাখার কৌশল নিয়েছে সরকার।
কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় মোসাদ্দেক, মিনু ও শফিকুল গত ফেব্রুয়ারি মাসে আদালতে আত্মসমর্পণ করার পর আটক হন। মার্চ মাসে তাঁরা জামিনে বেরিয়ে আসেন। আর নাদিম প্রথমে জানুয়ারি মাসে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন নেন। মার্চ মাসে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আত্মগোপনে ছিলেন। পরে এপ্রিল মাসে তিনি আত্মসমর্পণ করেন এবং মে মাসে জামিনে মুক্ত হন।
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৫৫ মামলা: পুলিশ ও নগর বিএনপি সূত্রে জানা গেছে, রাজশাহীতে বিভিন্ন ঘটনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অন্তত ৫৫টি মামলা রয়েছে। সিদ্ধার্থ হত্যা মামলাসহ এর মধ্যে বেশির ভাগই ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার সময়কার।
৫৫টি মামলার ভেতরে বিএনপির শীর্ষ নেতা ও কর্মীদের বিরুদ্ধে ১০টি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে ৪৫টি মামলা হয়। অবশ্য, জামায়াতের বেশির ভাগ মামলায় বিএনপি নেতাদেরও আসামি করা হয়েছে। এরই মধ্যে ৫০টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেগুলো আদালতে বিচারাধীন রয়েছে। বাকি পাঁচটি মামলা তদন্তাধীন। এসব মামলায় বিএনপি-জামায়াতের এক হাজার ৪৪৭ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় আরও অজ্ঞাত সাড়ে ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
৫৫টি মামলার মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে নগরের বোয়ালিয়া থানায়। এই থানার ওসি আবদুস সোবহান বলেন, গুরুত্বপূর্ণ সব মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। যে কয়টি মামলা তদন্তাধীন আছে সেগুলো সাম্প্রতিক সময়ের মামলা। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে তেমন গুরুতর অভিযোগ নেই।
বিএনপির পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মিনুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ চারটি এবং মোসাদ্দেকের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির অপর দুই শীর্ষ নেতা শফিকুলের বিরুদ্ধে ছয়টি এবং নাদিমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।