
রাজশাহীতে পুলিশের গাড়িতে বোমা হামলায় কনস্টেবল সিদ্ধার্থ রায় নিহত হওয়ার ঘটনায় ১৮ দলের ৩৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে দুটি মামলা হয়েছে।
মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বিশেষ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। এর মধ্যে একটি হত্যা ও অপরটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা। গতকাল রাতে র্যাব ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় আটজনকে আটক করেছে। এ নিয়ে গতকাল দুপুরের এ ঘটনার পর থেকে ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল দুপুরে রাজশাহী নগরে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ শেষে ফেরার পথে কনস্টেবল সিদ্ধার্থসহ তাঁর সহকর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালান। এতে সিদ্ধার্থসহ নয়জন পুলিশ সদস্য আহত হন। সিদ্ধার্থের আঘাত ছিল গুরুতর। চিকিত্সকদের পরামর্শে হেলিকপ্টারে করে তাত্ক্ষণিক তাঁকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
এর আগে গত মঙ্গলবার রাতে ১৮ দলের অবরোধ শেষ হওয়ার পর রাজধানীর বাংলামোটরে পুলিশের গাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন।