মিনুকে জেল খাটানো দুই নারীর রিমান্ডে
চট্টগ্রাম নিরপরাধ মিনু আক্তারকে তিন বছর জেল খাটানোর অভিযোগে মামলায় গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন কুলসুমা আক্তার ও মর্জিনা আক্তার।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
কুলসুমা ও মর্জিনাকে আজ গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, মর্জিনা আক্তার নামে মিনুর এক প্রতিবেশীর মাধ্যমে মিনুকে কারাগারে পাঠান কুলসুমা। পরে পুলিশ বাদী হয়ে তাঁদের দুজনকে আসামি করে থানায় মামলা করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দুজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, কুলসুমা ও মর্জিনাকে জিজ্ঞাসাবাদে একজনের বদলে আরেকজনকে কারাগারে পাঠানো চক্রটি শনাক্ত করা যাবে।
‘সাজা কুলসুমার, খাটছেন মিনু’ শিরোনামে গত ২৩ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের দিনই চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে বলা হয়, প্রকৃত আসামি কুলসুমা আক্তারের পরিবর্তে আরেক আসামি মিনু আক্তার সাজা ভোগ করছেন। পরে উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার (৩০)।
কারামুক্তির ১৩ দিনের মাথায় দুর্ঘটনায় নিহত হন তিনি। ২৮ জুন দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ফৌজদার হাট সংযোগ সড়কের আরেফিননগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মিনুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে ২৯ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোনো পরিচয় না পাওয়ায় এক দিন পরে অজ্ঞাত হিসেবে তাঁর লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। পরে মিনুর ভাই রুবেল হোসেন ছবি দেখে বোনের পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, মুঠোফোন নিয়ে কথা-কাটাকাটির জেরে ২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় পোশাককর্মী কোহিনুর বেগমকে হত্যা করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর এই মামলার রায়ে কুলসুমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রকৃত আসামি কুলসুমা আক্তার মামলার সাজা হওয়ার আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কারাগারে ছিলেন। সাজা হওয়ার পর ২০১৮ সালের ১২ জুন কুলসুমা সেজে মিনু কারাগারে আসেন। পরে কুলসুমা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান জানান, কারা রেজিস্ট্রারে থাকা দুজনের ছবির মিল ছিল না। এ বিষয় নজরে আসার পর লিখিতভাবে আদালতকে জানানো হয়। পরে তিনি মুক্তি পান।
মুক্তির পর মিনু প্রথম আলোকে বলেছিলেন, মর্জিনা আক্তার নামের পূর্বপরিচিত এক নারী তাঁকে টাকা দেওয়ার কথা বলে কারাগারে যেতে বলেন। তিনি কুলসুমাকে চিনতেন না। কিন্তু ভয়ে কাউকে কিছু বলেননি।