মিনুর মৃত্যু দুর্ঘটনায় না অন্য কারণে, খতিয়ে দেখতে বললেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমীর বদলে সাজা ভোগ করা মিনু আক্তার দুর্ঘটনায়, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা খতিয়ে দেখতে বললেন হাইকোর্ট। কুলসুমীর বদলে মিনুর সাজা ভোগ, মিনুর মৃত্যু এবং কুলসুমীকে গ্রেপ্তার ও তাঁর স্বীকারোক্তিকে কেন্দ্র করে হওয়া দুই মামলার তদন্ত কর্মকর্তার উদ্দেশে আদালত এ কথা বলেন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ বিষয়ে শুনানি হয়।

তদন্ত কর্মকর্তাদের উদ্দেশে আদালত বলেন, ‘সমাজকর্মী মশিউর রহমান মিনুকে শনাক্ত করেন বলছেন। এর আগে জেল খাটানোর ঘটনায় তিনজন সমাজকর্মী (প্রতারণার মামলায় আটক) সম্পৃক্ত ছিলেন, এই বিষয়ে দৃষ্টি দেন। মর্জিনাসহ ওই তিনজনও সেখানে সমাজে নেতৃত্ব দেন। মিনু দুর্ঘটনায় নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, এ বিষয়ে খোঁজ নেন। বি সিরিয়াস। দুই তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে সিরিয়াস হন। মিনুকে প্রক্সি দিয়ে জেলে পাঠানোয় আরও ওপরে কেউ আছে কি না, এটিও খোঁজ নেন। অন্য কেউ জড়িত আছে কি না, সেটি খোঁজ নেন। এটি সিরিয়াসলি তদন্ত করেন। সমাজের তিন-চারজন মিলে মিনুকে যে কারাগারে পাঠিয়েছে, তা না। আরও লোকজন এতে সম্পৃক্ত হয়েছে। কাজেই এসব বিষয়ে সিরিয়াসলি তদন্ত করেন। ভালো করে তদন্ত করেন। যদি প্রয়োজন হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেন। যথাযথ তদন্ত করবেন।’

এর আগে মিনুর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সম্পূরক আবেদন দাখিল করে কুলসুমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ নথিপত্র আদালতে দাখিলের আরজি জানালে ১৬ আগস্ট হাইকোর্ট আদেশ দেন। আদেশে নিহত মিনুর সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং গ্রেপ্তার কুলসুমীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ কেসডকেট নিয়ে পুলিশের দুই তদন্ত কর্মকর্তাকে ১ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।

পুলিশের এই দুই কর্মকর্তা হলেন চট্টগ্রামের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা ও বায়েজিদ বোস্তামী থানার এসআই খোরশেদ আলম। এর মধ্যে দুর্ঘটনায় আহত হয়ে মিনুর মৃত্যুর ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ২৯ জুন করা মামলার তদন্ত কর্মকর্তা খোরশেদ আলম। আর খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রকৃত কুলসুমকে ২৯ জুলাই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় কুলসুমের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা জুবায়ের মৃধা।
আদালতের আদেশ অনুসারে ওই দুই তদন্ত কর্মকর্তা আজ সকালে আদালতে হাজির হন। আদালতের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন তাঁরা। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুনানি নিয়ে আদালত আপাতত দুই তদন্ত কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

সম্প্রতি কুলসুমের বদলে মিনুর প্রায় তিন বছর সাজা ভোগের বিষয়টি বেরিয়ে আসে। কয়েদি রেজিস্ট্রারের ছায়ালিপিসহ গত ২১ মার্চ আদালতে আবেদন করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার। পরদিন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ আদালত) আদালতে মিনুকে হাজির করা হয়। সেদিন দেওয়া মিনুর বক্তব্য অনুযায়ী, মর্জিনা নামের এক নারী তিন বছর আগে ডাল-চাল দেবেন বলে তাঁকে ঘর থেকে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দেন। কুলসুমকে তিনি চেনেন না। এর ধারাবাহিকতায় গত ২৩ মার্চ চট্টগ্রামের আদালত থেকে চিঠিসহ উপনথি গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টে পৌঁছায়। নথিতে যুক্ত প্রতিবেদনের ভাষ্য, প্রকৃত আসামি কুলসুমের পরিবর্তে মিনু আক্তার সাজা ভোগ করছেন। অবশ্য বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে কুলসুম হিসেবে মিনু ২০১৯ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে আপিল করেন। উপনথি পৌঁছার পর বিষয়টি হাইকোর্টে শুনানির জন্য ওঠে।

এরপর গত ৭ জুন হাইকোর্ট মিনু আক্তারকে মুক্তি দিতে নির্দেশ দেন। সেই সঙ্গে প্রকৃত অপরাধী কুলসুম আক্তারকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ ছাড়া বিচারপ্রক্রিয়া নিশ্চিতে প্রতারণার অভিযোগ বিষয়ে কয়েকজন আইনজীবী ও আইনজীবীর সহকারীকে ব্যাখ্যা জানাতে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আইনজীবী ও আইনজীবীর সহকারী ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন। আদালত আইনজীবী ও আইনজীবীর সহকারীকে ২২ সেপ্টেম্বর ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত থাকতে বলেছেন। আজ আদালতে তাঁর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

এর আগে হাইকোর্টের আদেশের পর গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার। কারামুক্তির পর ৪ জুলাই দুর্ঘটনায় আহত হয়ে তিনি মারা যান। এ ঘটনায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় ২৯ জুন একটি মামলা হয়। খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রকৃত কুলসুমকে গ্রেপ্তারের পর ২৯ জুলাই প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় কুলসুমের বিরুদ্ধে একটি মামলা হয়। তিনি জবানবন্দিও দেন।

আর কোনো মিনু যেন এভাবে প্রক্সিতে না পড়ে

এর আগে ২৯ জুন মিনুর আপিল শুনানির জন্য উঠলে সেদিন হাইকোর্ট কয়েদি শনাক্তে বিদ্যমান পদ্ধতিতে কারাবন্দীর আঙুলের ছাপ, হাতের তালুর ছাপ ও চোখের মণি স্ক্যানিং ব্যবস্থাযুক্তসহ বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। আজ শুনানিতে রুলের বিষয়টি ওঠে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘আমরা রুল দিয়েছিলাম, রুল দেওয়ার উদ্দেশ্য ছিল। সবারই দেশের জন্য কিছু কাজ করা উচিত। শত শত এসব কাজ হচ্ছে, প্রক্সি দিচ্ছে। এই রুলের কোনো জবাব নেই। আপনি কি একটু দৃষ্টি দেবেন।’

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বলেন, ‘অবশ্যই দেব।’
শুনানিতে আদালত বলেন, আর কোনো মিনু যেন এভাবে প্রক্সিতে না পড়ে।
২২ সেপ্টেম্বর রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।