মিন্টুপুত্র তাবিথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর আপিলের শুনানি শেষে এ রায় দেন বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাবিথ আউয়ালকে ঋণখেলাপি উল্লেখ করে তাঁর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিল।

রায় প্রদান শেষে বিভাগীয় কমিশনার জিল্লার রহমান সাংবাদিকদের বলেন, ১ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু সোনালী ব্যাংক তাঁকে ঋণখেলাপি উল্লেখ করে আপিল করে। কিন্তু আইন ও বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) তথ্য অনুযায়ী, তাঁর ঋণখেলাপি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ রায়ের ফলে প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল বৈধই থাকলেন।

তাবিথ আউয়ালের আইনজীবী মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, আপিলে কয়েকটি কারণ দেখিয়ে বলা হয়েছিল যে তিনি ঋণখেলাপি নন। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাবিথ আউয়াল ও সোনালী ব্যাংকের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানিতে তাবিথ আউয়ালের আরেকজন আইনজীবী ছিলেন বিএনপির নেতা মাহবুবউদ্দিন খোকন।

সোনালী ব্যাংকের শিল্পভবন শাখা কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল আবেদনে উল্লেখ করে, তাবিথ আউয়াল ঋণ পরিশোধ করেছেন ২ এপ্রিল। সেই অনুযায়ী, মনোনয়নপত্র বৈধ ঘোষণার দিন তিনি ঋণখেলাপি ছিলেন। কিন্তু আপিল কর্তৃপক্ষ এ আবেদন খারিজ করে দেন।