মিন্টুর গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোডমার্চ কর্মসূচির সমর্থনে ফেনীতে জনসংযোগকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে বোমা হামলা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এতে বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।গতকাল শনিবার রাত আটটায় ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশের হাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টুর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের আজকের রোডমার্চের সমর্থনে গণসংযোগ করছিলেন। গণসংযোগের জন্য গাড়িবহর নিয়ে দরবেশের হাট বাজারে পৌঁছালে একদল মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতে গাড়িবহরে বোমা হামলা চালায়। এ সময় বহরের সামনে থাকা মোটরসাইকেল আরোহীদের হকিস্টিক, রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গাড়িতে থাকা মিন্টুসহ অন্য নেতারা গাড়ি ঘুরিয়ে ওই এলাকা ত্যাগ করেন।এ ঘটনায় ছয়জন গুরুতর আহত হন। তাঁরা হলেন: দিদার হোসেন ভূঁইয়া, জলিল আহমদ, দিদারুল আলম, ইস্রাফিল, শাহাবুদ্দিন, মনির আহমেদ। তাঁরা সবাই বিএনপির স্থানীয় নেতা-কর্মী।