মিন্টুর পক্ষে মনোনয়নপত্র নিলেন ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তাঁর দুই ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বুধবার বেলা চারটার দিকে আবদুল আউয়াল মিন্টুর মেজ ছেলে তাসফির এম আউয়াল ও ছোট ছেলে তাজুয়ার এম আউয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর তাসফির এম আউয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দলীয় সমর্থন নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন কি না-এমন প্রশ্নের জবাবে তাসফির বলেন, এটি নির্দলীয় নির্বাচন। তার পরও আবদুল আউয়াল মিন্টু খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি নির্বাচনে অংশ নিলে অবশ্যই খালেদা জিয়ার দোয়া নিয়ে করবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে করা প্রশ্নের উত্তরে তাসফির বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এ বিষয়ে কমিশনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। মিন্টুর বিরুদ্ধে মামলা থাকায় নির্বাচনে অংশ নিতে আইনগত সমস্যা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁর নামে মামলা থাকলেও তিনি সাজাপ্রাপ্ত নন। তাই আইনগত সমস্যা থাকার কথা নয়। তার পরও বিষয়টি আইনজীবীরা দেখছেন।