মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি
আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে আপিল শুনানিতে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে এই রায় দেন বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

তবে মিন্টুর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেছেন, তাঁরা আপিলে ন্যায়বিচার পাননি। এতে দেশবাসী হতাশ হয়েছে। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, তাঁরা এখন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। এ বিষয়ে আইনি লড়াই চালাবেন। তিনি দাবি করেন, সরকারি দলের প্রার্থী হলে হয়ত এমন হতো না।

এর আগে বিভাগীয় কমিশনার দীর্ঘক্ষণ শুনানি করেন। শুনানিতে মিন্টুর পক্ষে অংশ নেন বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সালাউল্লাহ মিয়াসহ বিএনপি সমর্থক আইনজীবীরা।

মিন্টুর মনোনয়নপত্রে তাঁর সমর্থনকারী যিনি ছিলেন, তিনি উত্তর সিটি করপোরেশনের ভোটার নন-এই ভিত্তিতে মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, এখন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়ন বাতিলের বিষয়ে আপিলের শুনানি হবে।
এর আগে আপিল শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মনোনয়নপত্রে ভোটার নম্বরের জায়গায় জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া হয়েছিল। এ কারণে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিজয়ের অনুভূতি। তিনি জানান, তিনি সম্মিলিত নাগরিক কমিটি থেকে নির্বাচন করছেন।
সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মালেকের মনোনয়নপত্রও বৈধ হয়।

শুনানি করছেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সাতজন কাউন্সিলর প্রার্থীর আপিলের শুনানি হয়েছে। তাঁদের প্রায় সবারই মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। এমনই একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ১৩ আসনের কাউন্সিলর প্রার্থী মতিয়া বেগমের ভাষ্য, তাঁর প্রস্তাবকারী ছিলেন তাঁর স্বামী মোহাম্মদ আলী। কিন্তু স্বামী মোহাম্মদ আলী পাশের ওয়ার্ডের ভোটার হওয়ায় তাঁর (মতিয়া বেগম) মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি নিজেকে আওয়ামী লীগ সমর্থক বলে দাবি করেন।
আরেক প্রার্থী দক্ষিণ সিটি করপোরেশনের মুগদা এলাকার সেলিনা আক্তারের ভাষ্য, তিনি পে অর্ডারে ভুল করে রিটার্নিং কর্মকর্তার বদলে সিনিয়র নির্বাচন কর্মকর্তা লিখেছিলেন। তিনি বলেন, ‘এটা সংশোধন করে নতুন করে পে অর্ডার জমা দিয়ে আপিল করেছি। এর পরও আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’ নিজেকে তিনি বিএনপির সমর্থক বলে দাবি করেন।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত মোট ১০৭ জন প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে দক্ষিণে ৩ জন মেয়র প্রার্থী ও ৭২ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। উত্তরে দুজন মেয়র প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন।