মিফতাহুল ও হাবিবার বাধা ডিঙানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উম্মে হাবিবা,মিফতাহুল জান্নাত
উম্মে হাবিবা,মিফতাহুল জান্নাত

আলোহীন দুই চোখ তাঁর। পৃথিবীর রূপ-রং কিছুই দেখার সৌভাগ্য হয়নি। তাই মনের আলোতেই পৃথিবী জয়ের স্বপ্ন মিফতাহুল জান্নাতের। অন্যদিকে দৃষ্টির সীমাবদ্ধতা না থাকলেও উম্মে হাবিবার হাত থেকেও যেন নেই। শারীরিক এই অক্ষমতা তাঁর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গতকাল বুধবার প্রকাশ হওয়া এইচএসসির ফলে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন জান্নাত। আর সরকারি আজিজুল হক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন হাবিবা।
বাধা ডিঙিয়ে এগিয়ে চলা, পরিশ্রম, সাহস আর প্রতিনিয়ত স্বপ্ন বুনে বুনে তাঁদের এগিয়ে চলার গল্পটাও খুব সাধারণ কোনো ঘটনা নয়। মনের আলোয় পৃথিবীকে জানার চেষ্টা মিফতাহুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে চান তিনি। অন্যদিকে জন্ম থেকেই দুই হাতে মাত্র চার আঙুল (বৃদ্ধাঙ্গুল ও কনিষ্ঠ আঙুল) আছে হাবিবার। নিজের এই অঙ্গহীনতার বেদনা থেকেই তিনি স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার।
আকাশছোঁয়া স্বপ্ন মিফতাহুলের: মিফতাহুল জান্নাতদের পারিবারিক গল্পটাও সংগ্রাম, কষ্ট-বেদনার। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের দরিদ্র কৃষক আবদুস সাত্তারের নয় ছেলেমেয়ের মধ্যে সবার ছোট তিনি। তাঁর বড় দুই বোন রেশমা খাতুন ও লাভলী খাতুনও জন্মান্ধ।
দৃষ্টিহীনদের লেখাপড়ার সুযোগ সীমিত হওয়ায় এক বোন রেশমার আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। লাভলী ও মিফতাহুলের পড়ালেখার সুযোগ করে দিতে এগিয়ে আসে ‘অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন-এবিসি’ নামের একটি সংস্থা। ২০০১ সালে তাঁরা গাজীপুরের সালনায় ‘এবিসি’র অন্ধ স্কুলে ভর্তি হন। সেখানেই দুই বোন ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা শেখেন।
২০১২ সালে সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মিফতাহুল এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের মানবিক বিভাগে।
এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌসুমী আকতারকে ‘শ্রুতিলেখক’ হিসেবে সঙ্গে নেন মিফতাহুল।
মিফতাহুল বলেন, ‘সুন্দর এই পৃথিবীকে দেখার তো সুযোগ হয়নি, তাই মনের আলো দিয়ে পৃথিবীকে জানতে চাই। এ জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়তে চাই।’
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘জন্মান্ধ হয়েও মিফতাহুল অসম্ভব রকমের মেধাবী। মেয়েটি প্রতিষ্ঠানের গর্ব। শত বাধা-প্রতিবন্ধকতা ডিঙিয়ে ইচ্ছাশক্তির জোরেই সে এই ফল করেছে। এই ইচ্ছাশক্তি দিয়েই মেয়েটা নিশ্চিত একদিন স্বপ্ন জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে।’
বাধাহীন হাবিবা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের গোলাম মোস্তফার মেয়ে উম্মে হাবিবা। শুরুতে দুই আঙুলে কলম-পেনসিল ধরতে কষ্ট হলেও এখন অনেকটা আয়ত্তে এসেছে। এর আগে ২০১২ সালের এসএসসিতেও বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। এ ফলাফলে খুশির বন্যা বয়ে যাচ্ছে হাবিবার পরিবারে।
উম্মে হাবিবা বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মাঝে মাঝে খারাপ লাগে। হতাশা পেয়ে বসে। তবে থেমে যাইনি। বাবা-মায়ের উৎসাহে এগিয়ে গেছি। এখন চিকিৎসক হয়ে সবার সেবা করতে চাই।’
বাবা গোলাম মোস্তফা আক্ষেপের সুরে বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধীদের কোটা নাই। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সেখানে কোটা চালু করা দরকার’।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিনা এনাম বলেন, ‘আঙুলহীন হাতে কলম ধরে জ্ঞানের আলোয় উদ্ভাসিত মেয়েটির এই সাফল্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সব প্রতিকূলতা-প্রতিবন্ধকতা পেরিয়ে তার এই সাফল্য অর্জন কলেজের জন্য গৌরবের; আনন্দের।’