মিমি হত্যাকাণ্ডে সাদ্দাম গ্রেপ্তার, স্বীকারোক্তি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার স্কুলছাত্রী মিমি আক্তারের (১৬) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাদ্দাম মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাটুরিয়া থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিমি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।সাদ্দামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের গবর নারচী গ্রামে। মিমি সাটুরিয়ার গোলড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে। সাদ্দামকে গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাদ্দাম বলেন, সাটুরিয়ার গোলড়া এলাকায় একটি মুরগির খামারে কাজ করতেন। সম্প্রতি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে যোগ দেন। ছয় মাস আগে মিমির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ নভেম্বর রাতে মিমির মুঠোফোন পেয়ে তাদের বাড়িতে যান। এ সময় মিমি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। রাতেই মিমিকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার নিয়ে তিনি পালিয়ে যান।জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন বলেন, সাদ্দামের কাছ থেকে মিমির ব্যবহূত একটি স্বর্ণের চেইন, এক জোড়া নূপুর, তিনটি মুঠোফোনের সেট ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল তাঁকে বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ৯ নভেম্বর সকালে গোলড়া গ্রামের বাড়ি থেকে মিমির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই তার বাবা সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন। এ নিয়ে ১০ নভেম্বর প্রথম আলোর পৃষ্ঠা ৪-এ ‘সাটুরিয়ায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।