মিয়ানমার সীমান্তে পাঁচটি চৌকি স্থাপন করছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরও পাঁচটি নতুন বিওপি (চৌকি) স্থাপন করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে কক্সবাজার বিজিবি সেক্টরের অধীনে পৃথক চারটি ব্যাটালিয়নের আওতায় জল ও স্থল সীমান্ত আছে প্রায় ১৪৪ কিলোমিটার। গত জানুয়ারিতে কক্সবাজার ব্যাটালিয়নের তুইংগাঝিড়ি, নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়নের টারগুপাড়া ও মিলিনপাড়া এবং রামু ব্যাটালিয়নের গর্জনবুনিয়া ও জারুলিয়াছড়ি এলাকায় পাঁচটি বিওপি স্থাপন করা হয়েছে। তিনি জানান, শিগগিরই নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকা টারগুছড়া ও পোয়ামুহুরীতে তিনটি এবং টেকনাফের খারাংখালী ও বরইছড়িতে দুটি নতুন বিওপি স্থাপন করা হবে। এই পাঁচটি নতুন বিওপি স্থাপিত হলে মিয়ানমারের সঙ্গে ১৪৪ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ রক্ষিত হবে।
গত সোমবার বিজিবির কক্সবাজার সেক্টরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, সীমান্তে টহল জোরদার থাকা সত্ত্বেও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তিনি জানান, বর্তমানে কক্সবাজার সেক্টরের আওতায় মিয়ানমার সীমান্তে ৩১টি বিজিবি বিওপি, তিনটি সিআইও ক্যাম্প ও পাঁচটি তল্লাশি চৌকি আছে।
কর্নেল খালেকুজ্জামান জানান, গত দুই মাসে অনুপ্রবেশকালে ২ হাজার ১৪ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদের মানবিক সহায়তা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। একই সময়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় ১৩ জন দালাল ও ৪৩ জন যাত্রীকে আটক করা হয়।
মতবিনিময় সভায় কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, কিছু দুর্গম সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এসব এলাকায় বিজিবির সদস্যরা হেঁটে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছেন। নতুন বিওপি স্থাপিত হলে এ সমস্যা দূর হবে।