মিয়ানমার উপকূলে মানব পাচার-কারীদের কবল থেকে উদ্ধার হওয়া ২০০ জন প্রাথমিকভাবে বাংলাদেশি বলে জানা গেছে। মিয়ানমারের তংব্রো এলাকায় তাদের সঙ্গে কথা বলার পর ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা গতকাল বুধবার ঢাকায় এ তথ্য জানান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই ২০০ জনের তালিকা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর বিকেলে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা লোকজনের বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করার পর তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।
ইয়াংগুন থেকে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা উদ্ধার হওয়া ২০০ অভিবাসীর পরিচয় জানতে গত সোমবার প্রথমে মংদু যান। সেখানে তাঁরা জানতে পারেন, উদ্ধার হওয়া লোকজনকে বাংলাদেশের উখিয়া উপজেলার উল্টো দিকে অবস্থিত মিয়ানমারের তংব্রো নেওয়া হয়েছে।
মিয়ানমারের নৌবাহিনী ২১ মে দেশটির জলসীমায় ২০৮ জন অভিবাসীকে মানব পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করে। মিয়ানমারের দাবি, উদ্ধার হওয়া লোকজনের ২০০ জনই বাংলাদেশি।
তবে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অসম্পূর্ণ তালিকা দেওয়ায় উদ্ধার হওয়া ২০০ অভিবাসীকে গত রোববার যাচাই-বাছাই করতে যায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল। এসব ব্যক্তির সম্পূর্ণ পরিচয় উল্লেখ করে তালিকা পাঠাতে বিজিপিকে ওই দিনই আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল বিজিবি।