মিয়ানমারের কারাগারে সাজা শেষে ২২ জেলে ফিরতে পারছেননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও আট মাস ধরে মিয়ানমারের কারাগারে আটক রয়েছেন ২২ জন বাংলাদেশি জেলে। তাঁদের মধ্যে টেকনাফের ১৯ জন ও কক্সবাজারের খুরুস্কুলের তিনজন নাগরিক রয়েছেন।

বিজিবির দাবি, নাসাকা বাহিনী ৬৮ জনের একটি তালিকা পাঠিয়েছে। তাঁদের নাগরিকত্ব যাচাই-বাছাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

টেকনাফের মহেশখালীয়া পাড়ার বাসিন্দা মাওলানা নুরুল ইসলাম জানান, মিয়ানমারের আকিয়াব (সিটওয়ে) কারাগারে সাজা শেষ হওয়া বন্দী তাঁর ছেলে হাবিব উল্লাহর কাছে গত ১৭ মে পাঠানো এক চিঠির মাধ্যমে জানান, ২০১২ সালের ১৯ জুলাই বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে তিনিসহ ১০ জেলে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়েছিলেন। সে দেশের আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের সাজা দিয়ে আকিয়াব কারাগারে পাঠান। কিন্তু সাজার মেয়াদ শেষের পর আট মাস ধরে বন্দী করে রেখেছে। এ ব্যাপারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সুপারিশ নিয়ে ২২ জনকে দেশে ফেরত আনার জন্য বিজিবিকে পত্র দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের মো. আয়ুব (২২), রবি আলম (২৯), মো. হাসান (২৫), আবু তৈয়ব (২৬), শামসুল আলম (২৮), শামসুল আলম (২৯), আবদুল জলিল (৩০), কালা মিয়া (২৭), সালামত উল্লাহ (৩০), মুরতজা হাসান (২৮), হাবিব উল্লাহ (২৬), জাবের আহমদ (২৫), শহিদুল ইসলাম (২৯), আমির হোছেন (২৮), ছৈয়দ আলম (২৯), রবিউল আলম (২৬), জিয়াউর রহমান (২৩), মো. হোছন (২৪), মো. সব্বির (২৫) ও কক্সবাজারের মো. জাহাঙ্গীর (২৮), দেলোয়ার হোসেন (২৬) ও আলী হোসেন (২৮)।

টেকনাফ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া ও  কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার বলেন, মিয়ানমারের কারাগারে আটক ২২ জেলেকে ফিরিয়ে আনতে তাঁদের স্বজনেরা প্রতিনিয়ত উপজেলা প্রশাসনে ভিড় জমাচ্ছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে তাঁরা মনে করেন।

৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, এ ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীকে একটি পত্র পাঠানো হলে তার জবাবে বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়া ২২ জনসহ ৬৮ জনের একটি তালিকা পাঠিয়েছে।