মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা
বাংলাদেশের জলসীমায় গত বছর ডিসেম্বরে আটক মিয়ানমারের ৯২ জন জেলেকে ক্ষমা করে দিয়েছে ঢাকা। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শন হিসেবে তাঁদের ক্ষমা করা হয়। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১২টি মাছ ধরার নৌকা থেকে ওই জেলেদের আটক করার পর বিষয়টি ঢাকায় মিয়ানমার দূতাবাসকে জানানো হয়। তখন মিয়ানমারের দূতাবাস জেলেদের ছেড়ে দিতে বাংলাদেশকে অনুরোধ জানায়।
সুপ্রতিবেশীসুলভ মনোভাব এবং ১৯৮০ সালের সীমান্তব্যবস্থাকে বিবেচনায় নিয়ে মিয়ানমারের অনুরোধে সাড়া দিয়ে জেলেদের ক্ষমার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে ঢাকায় মিয়ানমার দূতাবাসকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে ২০১৫ সালের জুলাই ও আগস্টে ২২ জন বাংলাদেশিকে ক্ষমা করে দেশে ফেরত পাঠিয়েছিল মিয়ানমার।