মিরকাদিম পৌর এলাকায় ইটভাটা পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় এ বছর চালু হয়েছে তিনটি ইটভাটা। এর একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলোর বিরুদ্ধে শিগগির ব্যবস্থা না নিলে এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরকাদিম পৌরসভার তেলখিরা মৌজায় ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার ও শাহ আমানত ব্রিকস নামের দুটি ইটভাটা হয়েছে এ বছর। এর পাশে ইমামচর মৌজায় মেসার্স এআর ব্রিকস নামের ইটভাটা পুরোনো হলেও গত পাঁচ-সাত বছর বন্ধ ছিল। চলতি বছর তারা নুতন করে ইট তৈরি করছে।গত বুধবার এসব ইটভাটা পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিশাল এলাকাজুড়ে ইটভাটাগুলো গড়ে তোলা হয়েছে। ভাটাগুলোর পাশেই পৌরসভার চার-পাঁচটি গ্রাম। এআর ব্রিকস ও ন্যাশনাল ব্রিকসে পুরোদমে ইট তৈরির কাজ চলছে। শাহ আমানত ব্রিকসে চুল্লি তৈরি ও মাঠ প্রস্তুতের কাজ চলছে। এ ছাড়া ইট তৈরির জন্য মাটি এনে জড়ো করা হচ্ছে।এলাকাবাসী জানান, ইটভাটার মালিকেরা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।সূত্র জানায়, এআর ব্রিকসকে মিরকাদিম পৌরসভা কর্তৃপক্ষ লাইসেন্স দিয়েছে। অন্য দুটি ইটভাটাও আবেদন করেছে। তবে তারা এখনো লাইসেন্স পায়নি।পৌর কর্তৃপক্ষ এআর ব্রিকসকে লাইসেন্স দিলেও পরিবেশের ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর তাদের ইটভাটা পৌর এলাকা থেকে সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে।পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক সোনিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘পৌর ও জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নিষিদ্ধ। এ জন্য আমরা এআর ব্রিকসকে পৌর এলাকা থেকে তাদের ইটভাটা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’এ বিষয়ে জানতে চাইলে এআর ব্রিকসের মালিক মো. রতন প্রথম আলোকে বলেন, ‘আমরা ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি। ছাড়পত্র যাতে পাওয়া যায়, সেই চেষ্টা করছি।’ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারের মালিক মো. জামাল বলেন, ‘আমরা লাইসেন্সের জন্য মিরকাদিম পৌরসভায় আবেদন করেছি। লাইসেন্স পাওয়ার পর পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করব।’ তবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট তৈরির কাজ কেন করছেন, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।যোগাযোগ করা হলে মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি নিজেও চান পৌরসভা এলাকার ইটভাটাগুলো বন্ধ করে দিতে। এর পরও এআর ব্রিকসকে পৌর কর্তৃপক্ষের লাইসেন্স দেওয়ার কারণ সম্পর্কে মেয়র বলেন, ‘এই ইটভাটা অনেক পুরোনো। তারা তাদের লাইসেন্স নবায়ন করেছে। তবে পরিবেশের ছাড়পত্র পাওয়ার জন্য আমরা তাঁদের অনাপত্তি সনদ দিইনি।’পরিবেশ আন্দোলনকারী সংগঠন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘মিরকাদিম পৌর এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে ইটভাটা থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া তারা কীভাবে ইটভাটার কাজ শুরু করতে পারে? কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নেওয়া উচিত।’মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘পৌর এলাকায় অবস্থিত সব ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও যদি বন্ধ না হয়, তাহলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’