মিরপুর অঞ্চলের চূড়ান্ত পর্ব আজ
‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ এই স্লোগানে এবার রাজধানীর মিরপুরে শুরু হয়েছে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব-২০১৩। বিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব গতকাল শুক্রবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আজ শনিবার বিতর্কের সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ‘মিরপুর এলাকার’ বিতর্ক উৎসব।
গতকালের প্রথম ও দ্বিতীয় পর্বে বিতর্কে জয়লাভ করেছে শেরেবাংলা নগর বালক উচ্চবিদ্যালয়, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ও মনিপুর স্কুল অ্যান্ড কলেজ।
বিতর্কের বিষয়গুলো ছিল ‘আদর্শ মানুষ তৈরিতে স্কুল নয়, পরিবারের ভূমিকাই প্রধান’ ও ‘যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকাই বেশি’।
জাতীয় পতাকা উত্তোলন করে গতকালের বিতর্ক উৎসবের উদ্বোধন করেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন হাওলাদার। আর প্রথম আলো বন্ধুসভার পতাকা উত্তোলন করেন বন্ধুসভার উপদেষ্টা ও মনোচিকিৎসক মোহিত কামাল এবং বিতর্ক উৎসবের পতাকা তোলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকের। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। অনুষ্ঠানের সহায়তা করেন পল্লবী বন্ধুসভার বন্ধুরা।