মিরপুর অঞ্চলের বিতর্ক উৎসবের সমাপনী

শেষ হলো ‘ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩’-এর মিরপুর অঞ্চলের প্রতিযোগিতা। গতকাল শনিবার শেষ দিনের বিতর্ক উৎসবের বিষয় ছিল ‘বাবা-মায়ের অবহেলার কারণেই শিশুরা বিপথগামী হয়’। এর বিপক্ষে ধারালো যুক্তি দিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয় মনিপুর স্কুল অ্যান্ড কলেজ। আর রানারআপ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ স্লোগানে গত শুক্রবার এই উৎসব শুরু হয়। এতে মিরপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।বিজয়ী দলের বক্তারা হলো কাজী আজমাইন হক, তরিকুল ইসলাম ও আজমাইন মাহতাব। রানারআপ দলের সদস্যরা হলো যারিন রাফা শৈতী, ফাহমিদা অরবী দোলা ও ইসমাত জাহান নাবিলা। এদের মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে কাজী আজমাইন হক। বিতর্কে স্পিকারের দায়িত্বে ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. হারুন-উর-রশিদ। বিতর্কের চূড়ান্ত পর্ব শেষ হওয়ার আগে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা করলে কথা বলার সময় আটকায় না। এ ছাড়া বিতর্ক করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোজাফফর হোসেন, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষক নাসির সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন হাওলাদারকে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন পল্লবী বন্ধুসভার সদস্যরা।