মিরপুর-আগারগাঁওয়ে গ্যাস থাকবে না আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল প্রকল্পের আওতায় রোকেয়া সরণির ভূগর্ভস্থ পাইপলাইন সরানোর জন্য রাজধানীর আগারগাঁও-মিরপুর এলাকায় আজ বুধবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের মেট্রোরেল প্রকল্পের কাজের অংশ হিসেবে পাইপলাইন সরানোর জন্য বুধবার আগারগাঁও-মিরপুর এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগারগাঁও হতে মিরপুর ১০ নম্বর এলাকার সড়কের পশ্চিম পাশের মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, সেনপাড়া ও আশপাশের এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে এ বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবা সংস্থার অবকাঠামো সরানোর কাজ। এর অংশ হিসেবে রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের এক পাশ খুঁড়ে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপন করায় ওই সড়কে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।