মিরপুর কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে অভিযোগ
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। যাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন ওই কলেজের শিক্ষকেরা। একই সঙ্গে নিয়োগ-প্রক্রিয়ায়ও অনিয়মের অভিযোগ করেছেন তাঁরা। এ বিষয়ে মিরপুর এলাকার তিন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।তবে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মো. আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে যে প্রার্থী ভালো করেছেন, তাঁকে নির্বাচন করা হয়েছে। নীতিমালা মেনেই সব করা হয়েছে। শেষ সময়ে (সরকারের মেয়াদ) কেন অপবাদের ভাগীদার হব?’কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইসহাক হোসেনের ৬০ বছর পূর্ণ হওয়ায় তাঁর বৈধ মেয়াদ শেষ হয় গত বছরের ৩১ জানুয়ারি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন শিক্ষকের বৈধ মেয়াদ শেষ হওয়ার পর ওই শিক্ষাবর্ষের ৩০ জুন পর্যন্ত চাকরি করার সুযোগ আছে। কিন্তু পরিচালনা পরিষদ ইসহাক হোসেনকে নিজের গড়া প্রতিষ্ঠানে সেই সুযোগ দেয়নি। এরপর উপাধ্যক্ষ ও কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয় মার্কেটিং বিভাগের প্রভাষক গোলাম ওয়াদুদকে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগপত্রে বেতন-ভাতার কথা উল্লেখ না থাকলেও তিনি আগের অধ্যক্ষের মতো আর্থিক সুবিধা নিতে থাকেন। এরপর নিয়মিত অধ্যক্ষের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে অন্যদের সঙ্গে গোলাম ওয়াদুদও প্রার্থী হন। এ জন্য ওয়াদুদের পরিবর্তে ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে নিজ দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও অধ্যক্ষের গাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা গোলাম ওয়াদুদ ব্যবহার করতে থাকেন। এমনকি অধ্যক্ষের কার্যালয়েও বসে তিনি কাজকর্ম করেন। এ অবস্থায় অধ্যক্ষ নিয়োগের বাছাই কমিটির সভা হয়। গত মঙ্গলবার কলেজের পরিচালনা কমিটি গোলাম ওয়াদুদকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করে। শিক্ষকদের অভিযোগ, পরিচালনা কমিটির সভাপতির আশীর্বাদেই গোলাম ওয়াদুদ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ অনুমোদন করলেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে গোলাম ওয়াদুদ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি অধ্যক্ষ হিসেবে প্রার্থী হয়েছি বলেই এ রকম অভিযোগ করা হচ্ছে। কারণ, আমার কলেজের আরও কয়েকজন শিক্ষক অধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন।’