মিরপুর কিশোরীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে কবীর হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত পলাতক।
ধর্ষণের শিকার মেয়েটিকে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় কাজের সন্ধানে মেয়েটি কুড়িগ্রাম থেকে ঢাকায় আসে। গাবতলী থেকে দারুস সালামে যাওয়ার পথে মাসুদ নামের এক ব্যক্তি মেয়েটিকে ফুঁসলিয়ে দারুস সালামের ৭২/ডি লালকুঠির একটি বাসায় নিয়ে যায়। সেখানে রাত ১২টার দিকে তাকে ধর্ষণ করে মাসুদ।
খবর পেয়ে আজ বিকেলে ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মাসুদকে সহযোগিতার অভিযোগে কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি মাসুদ পলাতক।
মেয়েটি সুস্থ আছে জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, মাসুদকে ধরার জন্য অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেছে।