মিরপুর চিড়িয়াখানায় দুর্লভ গন্ডারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় গতকাল বুধবার ভোররাতে দুর্লভ প্রজাতির একটি পুরুষ গন্ডার মারা গেছে। গত বছরের এপ্রিল মাসে এক কোটি ১৬ লাখ টাকা মূল্যে দক্ষিণ আফ্রিকা থেকে একজোড়া গন্ডার আনা হয়। পুরুষ গন্ডারের মৃত্যুতে এখন নিঃসঙ্গ হয়ে পড়েছে নারী গন্ডারটি।চিড়িয়াখানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, অ্যানথ্রাক্সের সংক্রমণে গন্ডারটির মৃত্যু হয়েছে। সংক্রমণ থেকে রক্ষায় অপর গন্ডারটিকে গতকাল বিকেলেই অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয় এবং সেটার থাকার জায়াগায় (শেডে) আগুন দিয়ে শেক দেওয়া হয়। ওই শেডের আশপাশের তৃণভোজী প্রাণীদেরও ভ্যাকসিন দেওয়া হয়।অবশ্য চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর মাকসুদুল হাসান হাওলাদার অ্যানথ্রাক্সের সংক্রমণে গন্ডার মারা যাওয়ার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত গন্ডারটির মস্তিষ্কে রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দেয়ালে আঘাত পেয়ে অথবা সঙ্গী গন্ডারের সঙ্গে মারামারিতে পুরুষ গন্ডারটি আহত হয়ে পরে মারা যায়।গন্ডারের শেডে আগুনের শেক ও ভ্যাকসিন দেওয়া এবং অন্য প্রাণীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে জানতে চাইলে কিউরেটর দাবি করেন, প্রাণীকে সুস্থ এবং এর আবাসস্থল স্বাস্থ্যসম্মত রাখার জন্য এ ধরনের ব্যবস্থাপনা চিড়িয়াখানার দৈনন্দিন কাজের অংশ।