মিরপুর ঝুটপট্টির আগুনে ক্ষতি ৬০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ নম্বরের সি ব্লকের এই ঝুটপট্টিতে রাত ১২টার দিকে আগুন লাগে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। ১২টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে মিরপুর, পল্লবী ও সদর দপ্তর থেকে তাদের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সোয়া দুইটার দিকে আগুন সম্পূর্ণ নিভে যায়।
এ ঘটনায় ঝুটপট্টির ১২টি দোকান পুড়ে গেছে জানিয়ে মাহমুদুল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক কোটি টাকার মালামাল উদ্ধার করেন। প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এ জন্য তদন্ত করা হচ্ছে।
ঝুট মালিক সমিতি সভাপতি মান্নান খান বলেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমে ঝুটপট্টির ওয়াপদা কলোনির পাশে শাহাদতের দোকান থেকে আগুনের সূত্রপাত।