মিরপুর থানায় আসামির মৃত্যু
রাজধানীর মিরপুর থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর মাহবুবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার ভোরে তিনি মারা যান। পুলিশের দাবি, অসুস্থ বোধ করার পরে হাসপাতালে নেওয়া হলে মাহবুবুরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।
মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন বলেন, গতকাল শনিবার ১৪৫টি ইয়াবাসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই অস্ত্র মামলার আসামি মাহবুবুরের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পুলিশ দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, আসামি মাহবুবুরকে গতকাল দিবাগত রাত তিনটার দিকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভোর চারটার দিকে মাহবুবুর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় লতিফা ক্লিনিক ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তাহের মাহবুবুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।