মিরপুর থেকে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনে আলাপের সুবাদে পরিচিত ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে এক নারীসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার মিরপুরের পল্লবী এলাকা থেকে সুইটি আক্তার ওরফে জান্নাতুল ফেরদাউস ও তাঁর স্বামী জাহিদকে (২৫)  আটক করা হয়। এ সময় অপহৃত জাহিদুর রহমান (১৮) ও তাঁর বন্ধু শেখ সাদী হোসেনকে (১৮) উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অপহরণকারী দলের সদস্য সুইটি মোবাইল ফোনে বিভিন্ন বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কথাবার্তার একপর্যায়ে সেই পুরুষের সঙ্গে দেখা করতে রাজি হলে ওই নারী কৌশলে তাঁকে নিজের বাসায় নিয়ে আসেন। এরপর অন্য সঙ্গীদের সাহায্যে জিম্মি করে ফেলেন। পরে নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। এই চক্রের ফাঁদে পড়েন জাহিদুর রহমান ও তাঁর বন্ধু শেখ সাদী হোসেন।  

অপহরণকারীরা ওই দুই ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে তারা ৩০ হাজার টাকা আদায় করে। এরপর অবশিষ্ট ৭০ হাজার টাকা দিলে আটক দুজনকে মুক্তি দেওয়া হবে বলে জানায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে ও আটকে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করে।

র‍্যাব জানায়, এ ধরনের বেশ কয়েকটি চক্র রয়েছে। এদের মধ্যে কয়েকজনকে র‍্যাব বিভিন্ন সময় গ্রেপ্তারও করেছে। কিন্তু কিছুদিন পরই এরা জামিনে বেরিয়ে এসে আবার একই কাজে লিপ্ত হয়েছে। র‍্যাবের হিসাবে রাজধানীতে এ ধরনের ৫০টির মতো ছোট-বড় দল রয়েছে।