মিরপুর থেকে গ্রেপ্তার ১৮ শিক্ষক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের গ্রেপ্তার ২২ জন শিক্ষকের মধ্যে ১৮ জনকে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এই আদেশ দেন।

আদালত অপর চার শিক্ষক ফাতেমা জহুরা, মোস্তারী জাহান, ফেরদৌস আরা ও জাকিয়া মাকসুদকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিদ্যালয়ের একটি কক্ষে গত সোমবার সন্ধ্যার পর বৈঠককালে পুলিশ ওই ২২ জনকে গ্রেপ্তার করে।

যে ১৮ জন শিক্ষকের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাঁরা হলেন: আবদুল মফিজ, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, জি এম আবুল কালাম আকন্দ, শফিকুল   ইসলাম, শাহ আলম, শাহ আলম সরকার, আসাদুজ্জামান, মোশারফ হোসেন, মো. রেজাউল, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, এনামুল হক, মো. মাহাবুব,         আবু সাঈদ, নুরুল ইসলাম, জাহিদুল হক ও মাসুম বিল্লাহ।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম শিক্ষকদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, পুলিশ মামলার অভিযোগে বলেছে, এই শিক্ষকেরা যখন একটি কক্ষে বৈঠক করছিলেন তখন পুলিশ পাশেই ছিল। সরকারবিরোধী বক্তব্য শোনার পর কক্ষে ঢুকে পুলিশ শিক্ষকদের আটক করে। তাহলে গোপন বৈঠক হলো কোথায়?

আইনজীবী গোপালচন্দ্র সাহা বলেন, বিদ্যালয়টিতে পরীক্ষা চলছে। শিক্ষকেরা পরীক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে আলাপ-আলোচনার সময় পুলিশ তাঁদের আটক করে।

শুনানি শেষে আদালত ১৮ জনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।