মিরপুর, ধানমন্ডির আকাশে উড়ল বিতর্ক উৎসবের বেলুন

সকাল আটটাতেই খুদে বিতার্কিকদের পদচারণে মুখর হয়ে উঠেছিল লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সবুজ মাঠ। সাড়ে আটটার মধ্যেই উপস্থিত হলেন অভিনেতা আফজাল হোসেন। বলছি ১১ ফেব্রুয়ারির কথা। সেদিন ছিল ‘প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০১৭’-এর ঢাকা মহানগর ধানমন্ডি অঞ্চলের উৎসব। সকাল নয়টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গেয়ে উঠল জাতীয় সংগীত। উপস্থিত বাকি সবাই কণ্ঠ মেলালেন তাদের সঙ্গে।
জাতীয় পতাকা উত্তোলন করে ধানমন্ডি বিতর্ক উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা আফজাল হোসেন। আকাশে উড়ল রঙিন বেলুন। আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ল বিতার্কিকেরা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বিতার্কিকদের টি-শার্টে লেখা আছে, যুক্তিতে মুক্তি। এটাই আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।’
বিতর্ক উৎসবে ১৯টি স্কুল অংশ নেয়। সকাল সোয়া নয়টায় লালমাটিয়া স্কুলের বিভিন্ন কক্ষে শুরু হয় বিতর্কের লড়াই। বিকেলে চূড়ান্ত বিতর্কে অংশগ্রহণের সুযোগ পায় কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এবং গভ. ল্যাবরেটরি হাইস্কুল।

প্রাণবন্ত বিতর্কের লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় গভ. ল্যাবরেটরি হাইস্কুল। এর আগে মঞ্চে অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক। পুরস্কার বিতরণী পর্বের আগে গান পরিবেশন করেন শিল্পী রাফাত। বিজয়ীদের পুরস্কার তুলে দেন ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা।
এর এক সপ্তাহ পরেই ১৮ ফেব্রুয়ারি মনিপুর স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয় মিরপুর বিতর্ক উৎসব। সকালের ঝলমলে রোদে মাঠভরা শিক্ষার্থীদের মাঝে প্রথম আলো স্কুল বিতর্কের উদ্বোধন করেন বায়ান্নর ভাষা আন্দোলনের সৈনিক আহমদ রফিক। তিনি শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের কথা শোনান। মাতৃভাষাকে ভালোবাসার কথা বলেন। মিরপুরের আকাশে ওড়ে স্কুল বিতর্ক উৎসবের বেলুন। একইভাবে এ বেলুন উড়বে রামপুরা, উত্তরা ও পুরান ঢাকার আকাশেও।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফারহাদ হোসেন। মনিপুর স্কুলের বিশাল মিলনায়তনে বিতর্ক কী, কেন ইত্যাদি বিষয় নিয়ে এক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। খুদে বিতার্কিকদের এমন প্রশ্নের উত্তর দেন বিচারকেরা।
চূড়ান্ত পর্বে বিতর্ক যুদ্ধের মুখোমুখি হয় জিরাবো ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল, ‘বছরজুড়ে বইমেলা হওয়া উচিত।’ বিচারকদের রায়ে বিজয়ী হয় জিরাবো ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ ও মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন।