মিরপুর বধ্যভূমি বিদ্যাপীঠের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ইতিহাসে যেকোনো নিষ্ঠুরতাকে হার মানিয়েছিল। মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি আবিষ্কার স্মৃতির পুনরুদ্ধার, যে স্মৃতি কঠোর প্রতিরোধ ও নির্মম গণহত্যার সাক্ষ্য বহন করে। তাই একাত্তরে হত্যাযজ্ঞে জড়িত পাকিস্তানি দোসরদের এ দেশের মাটিতে বিচার করতেই হবে। গতকাল সোমবার বিকেলে মিরপুর বধ্যভূমি স্মৃতিপীঠের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এ দাবি জানান। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী বলেন, ‘গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের সদস্যদের নিয়ে ১৯৯৯ সালে আমরা মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি আবিষ্কার করি। এই বধ্যভূমিতে পাওয়া ৭০টি মানব-খুলি ও বিভিন্ন ধরনের পাঁচ হাজার ৩৯২টি অস্থি বিশ্ববাসীর সামনে তুলে ধরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা।’মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি আবিষ্কার স্মৃতির পুনরুদ্ধার। যে স্মৃতি কঠোর প্রতিরোধ ও নির্মম গণহত্যার সাক্ষ্য বহন করে। আলোচনা শেষে জল্লাদখানা বধ্যভূমি খননে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজানুর রহমান খান, কর্নেল শামস, কর্নেল আমান ও মেজর (অব.) তৌহিদের হাতে ক্রেস্ট তুলে দেন মফিদুল হক। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিরপুর বধ্যভূমি বিদ্যাপীঠের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠান শুরু হয়। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান ও নাচ পরিবেশন করা হয়।